ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ মাদক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অপর এক সদস্য কৌশলে পালিয়ে যায়। শনিবার রাতে রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই নিতাই চন্দ্র রায়সহ পুলিশের একটি টহল দল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. মাসুদ রানা (২৯) নামে এক যুবককে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা জানায়, সে পীরগঞ্জ থানার মিত্রবাটি (জোরাকবর) এলাকার শ্রী প্রদীপ দাসের কাছ থেকে এসব মাদক সংগ্রহ করেছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় রাত ১০টার দিকে প্রদীপ দাসের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে প্রদীপ দাসের শয়নকক্ষের খাট ও তোশকের নিচে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৪৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে শ্রী প্রদীপ দাসকে (২০) গ্রেপ্তার করা হয়। তবে তার ভাই শ্রী শ্যামল দাস (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
দুই অভিযানে মোট ১ হাজার ২৭৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। এছাড়া নগদ মোট ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :