কুষ্টিয়ার দৌলতপুরে রকি হোসেন নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে একটি বিদেশি পিস্তল, ককটেল ও রামদাসহ আটক করেছে স্থানীয় জনতা। আটককৃত রকি হোসেন উপজেলার সিরাজনগর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে মাদকসেবী ও কারবারিদের উৎপাত বেড়ে যাওয়ায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠেন। শনিবার রাতে সিরাজনগরের একটি বাঁশবাগানে মাদক সেবন ও বিক্রির প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে স্থানীয় কয়েকজন সেখানে যান। তাদের উপস্থিতি টের পেয়ে রকি হোসেন ও তার ১০-১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ফাঁকা গুলি ছোড়েন এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান।
এ সময় স্থানীয়রা ধাওয়া করলে রকির সহযোগীরা পালিয়ে গেলেও জনতা রকি হোসেনকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে তিনি আহত হন। খবর পেয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানের নির্দেশনায় এসআই মহাসিন আলী, এসআই লিংকন সরকার ও কনস্টেবল আজম আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ১০টার দিকে রকিকে উদ্ধার করেন। বর্তমানে আহত অবস্থায় তিনি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পুলিশ রকিকে উদ্ধার করেছে এবং তার বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :