রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়ম: ছয় সাব ডিলারের বরাদ্দ বন্ধ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৭ পিএম

রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়ম: ছয় সাব ডিলারের বরাদ্দ বন্ধ

রাম সরকার বিপ্লব ,রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে তিন ইউনিয়নের ছয়জন সাব ডিলারের সার বরাদ্দ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ধুবিল ইউনিয়নের সাব ডিলার আফসার আলী তালুকদার, মমতাজ উদ্দিন, বানসা রাম ও জাহিদুল ইসলামের সার বরাদ্দ বন্ধ করা হয়েছে। এ ছাড়া ব্রহ্মগাছা ইউনিয়নের সাব ডিলার হাবিবুর রহমানের সাব ডিলার মো. আব্দুল মমিন এবং ধানগড়া ইউনিয়নের সাব ডিলার জাফর ইকবাল খান রিপনের সাব ডিলার সুমন আহমেদের সার বরাদ্দও বন্ধ রাখা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম জানান, সার বিক্রিতে অনিয়মের কারণে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এই ছয়জন সাব ডিলারের সার বরাদ্দ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এসব সাব ডিলারের আওতাধীন কৃষকেরা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মূল ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করতে পারবেন।

Link copied!