জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধ সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তাঁরা বলেছেন, একটি জাতির পরিচয় ও স্বকীয়তা টিকিয়ে রাখতে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের কোনো বিকল্প নেই।
রোববার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধের বিকাশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ। সেমিনারটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমদ।
আলোচনায় বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল সামাজিক বাস্তবতায় দেশীয় সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে হবে। একই সঙ্গে নৈতিক মূল্যবোধের চর্চা জোরদার করে সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সেমিনারে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, তরুণ প্রজন্মকে দেশীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে সালিক রুমাইয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :