মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমিতে অবৈধভাবে বালু ভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অভিযোগে এক ব্যক্তি ও একটি হাউজিং প্রকল্পকে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার শেখরনগর ইউনিয়নের উত্তর পাউসার ও কেয়াইন ইউনিয়নের শিকারপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শেখরনগর ইউনিয়নের উত্তর পাউসার এলাকায় ফসলি জমিতে অবৈধভাবে বালু ভরাটের অপরাধে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে, কেয়াইন ইউনিয়নের শিকারপুর এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে কৃষিজমি বালু দিয়ে ভরাটের অপরাধে ‘নিমতলা হাউজিং’ নামের একটি আবাসন প্রকল্পকে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, কৃষিজমি ও জলাশয় রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অনুমোদন ছাড়া কৃষিজমি ভরাট ও আবাসন প্রকল্প পরিচালনার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :