নওগাঁয় হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, ৪ চালককে জরিমানা

নাজমুল হক , নওগাঁ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৪ পিএম

নওগাঁয় হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, ৪ চালককে জরিমানা

নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অননুমোদিত মাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে চার পরিবহনচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়েছে। রোববার বিকেলে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে অননুমোদিত মাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপন ও ব্যবহারের দায়ে চারটি পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়। মামলাগুলোতে মোট ৪ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে জব্দ করা হাইড্রোলিক হর্নগুলো ধ্বংস করা হয়। অভিযানকালে শব্দদূষণের ক্ষতিকর দিক ও এর প্রতিরোধে করণীয় সম্পর্কে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন পরিবহনে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে। পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, শব্দদূষণসহ পরিবেশ দূষণ রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সিয়াম সরিষা
Link copied!