ভেড়ামারায় কাঁচা মরিচের দামে ধস: ৫৫০ টাকা থেকে নেমে ৪০-৪৫ টাকায়

মোঃ লিটন উজ্জামান , ভেড়ামারা প্রতিনিধি

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৫ পিএম

ভেড়ামারায় কাঁচা মরিচের দামে ধস: ৫৫০ টাকা থেকে নেমে ৪০-৪৫ টাকায়

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাঁচাবাজারে কাঁচা মরিচের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। কয়েক মাস আগেও যে কাঁচা মরিচের দাম ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে, সেই মরিচ এখন বিক্রি হচ্ছে মাত্র ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। এতে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও কম দামে মরিচ বিক্রি করতে গিয়ে ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। স্থানীয়কাঁচাবাজারের আড়ত ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, বাজারে পর্যাপ্ত পরিমাণে কাঁচা মরিচের সরবরাহ থাকায় দাম অনেকটাই কমে এসেছে। আড়তগুলোতে বিভিন্ন এলাকা থেকে আসা কাঁচা মরিচের বেচাকেনা চলছে। তবে বর্তমান দামে ব্যবসায়ীদের লাভের পরিমাণ কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কাঁচাবাজারের ব্যবসায়ী মো. আমিনুল হক বলেন, "আমি দীর্ঘদিন ধরে এই কাঁচাবাজারে ব্যবসা করছি। এমনও সময় গেছে যখন এই বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৫৫০ টাকা পর্যন্ত বিক্রি করেছি। অথচ বর্তমানে সেই মরিচই মাত্র ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, মরিচের দাম ওঠানামা করা এই বাজারে নতুন কিছু নয়। সরবরাহ কম থাকলে দাম বেড়ে যায়, আবার বাজারে সরবরাহ বেশি হলে দাম দ্রুত কমে আসে। বর্তমানে উৎপাদন ও সরবরাহ বেশি থাকায় কাঁচা মরিচের দাম কমেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের মতে, কাঁচা মরিচ একটি দ্রুত পচনশীল পণ্য। তাই বাজারে সরবরাহ বেশি থাকলে দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখার সুযোগ থাকে না। ফলে অনেক সময় কম দামেই মরিচ বিক্রি করতে বাধ্য হন তারা। এতে একদিকে ক্রেতারা স্বস্তি পেলেও অন্যদিকে কৃষক ও ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আশঙ্কায় থাকেন। অন্যদিকে, বাজারে কাঁচা মরিচের দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। কয়েকদিন আগেও বেশি দামে মরিচ কিনতে হলেও বর্তমানে তুলনামূলক কম দামে কিনতে পারছেন তারা।

স্থানীয় ক্রেতাদের প্রত্যাশা, কাঁচা মরিচসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। একই সঙ্গে কৃষকরাও যেন উৎপাদন খরচের তুলনায় ন্যায্য দাম পানএমনটাই প্রত্যাশা তাদের। একদিকে ৫৫০ টাকা থেকে ৪০-৪৫ টাকা কাঁচা মরিচের দামের এই নাটকীয় পতন ভেড়ামারার বাজারে ক্রেতাদের স্বস্তি দিলেও কৃষক ও ব্যবসায়ীদের জন্য তৈরি করেছে নতুন হিসাব-নিকাশ।

সিয়াম সরিষা
Link copied!