চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কেশবপুরে মানববন্ধন

হারুনার রশীদ বুলবুল , কেশবপুর (যশোর) সংবাদদাতা

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪১ পিএম

চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কেশবপুরে মানববন্ধন

যশোরের কেশবপুরে চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার প্রতিবাদে এবং সাংবাদিকদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মো. আশরাফুজ্জামানকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রুস্তম আলীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। রোববার বিকেলে কেশবপুরের ত্রিমোহিনী মোড় চত্বরে কেশবপুর নিউজ ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। কোনো সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, অপপ্রচার বা ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মো. আশরাফুজ্জামান বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের হুমকি, অপপ্রচার কিংবা ব্যক্তিগত আক্রমণ মেনে নেওয়া হবে না। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ বুলবুল বলেন, আশরাফুজ্জামান শুধু একজন সাংবাদিক নন, তিনি কেশবপুরের একাধিক সামাজিক সংগঠনের নেতৃত্ব দেন। এ ধরনের সামাজিক ব্যক্তিত্বকে হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্র সমাজকে ক্ষতিগ্রস্ত করবে। সাংবাদিকদের সম্মান ও নিরাপত্তার প্রশ্নে কেশবপুরের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। কেশবপুর নিউজ ক্লাবের যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার মোদক মানিক বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কাউকে ব্যক্তিগতভাবে অপমান বা সামাজিকভাবে হেয় করার অধিকার কারও নেই। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন কেশবপুর নিউজ ক্লাবের সহ-সভাপতি মো. খায়রুল আনাম, মনোতোষ দাস, গোলাম ফারুক বাবু, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান রকি, কার্যনির্বাহী সদস্য মো. ইউছুফ আলী, মো. আজহারুল ইসলাম, মো. আব্দুল জলিল, মো. সিরাজুল ইসলাম, মো. সাদেক হোসেন, মো. নূরুল ইসলাম, আব্দুল হালিম এবং ফটো সাংবাদিক শাওন।

সমাবেশে বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ঘটনায় যশোর জেলা পুলিশ সুপার এবং কেশবপুর উপজেলা প্রশাসনের কাছে অভিযুক্ত রুস্তম আলীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সিয়াম সরিষা
Link copied!