নীলফামারীর জলঢাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সাংবাদিক ঐক্য পরিষদ, জলঢাকা’-এর অভিষেক অনুষ্ঠান-২০২৬। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক ঐক্য পরিষদ জলঢাকার সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত হন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। বিশেষ কাজে বাইরে থাকায় মুঠোফোনে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ এবং জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, সাংবাদিক ঐক্য পরিষদ জলঢাকার উপদেষ্টা ডা. মেসবাহুর রহমান মেজবাহ, জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, প্রেসক্লাব জলঢাকার সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, বাংলাদেশ প্রেসক্লাব জলঢাকার সভাপতি গোলাম রব্বানী ডলার ও বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকার সভাপতি মাহামুদ আল হাসানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সমাজের অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নীতিমালা অনুসরণ করা জরুরি। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সমন্বয় থাকলে এলাকার উন্নয়ন কার্যক্রম গতিশীল হয়। সাংবাদিকরা যাতে তথ্য সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন সহযোগিতা করবে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের কোনো পক্ষের প্ররোচনায় প্রভাবিত না হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানান।
থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, কোনো সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গিয়ে হুমকি বা হয়রানির শিকার হলে বিষয়টি প্রশাসনের নজরে আনলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি সাংবাদিকদের তথ্যের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের পরামর্শ দেন। প্রধান অতিথি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এমপি বলেন, সাংবাদিকদের সব ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে এসে সত্য ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করতে হবে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সাংবাদিক ঐক্য পরিষদ কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের সংগঠন নয়; এটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত সুবিধা আদায় বা পক্ষপাতমূলক সংবাদ প্রকাশে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষপর্বে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম সাংবাদিক ঐক্য পরিষদ জলঢাকার পুনর্গঠিত কমিটির আত্মপ্রকাশ ঘোষণা করেন। সবশেষে সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান সমাপনী বক্তব্যে সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :