সাইকেল চালিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা সজীব তালুকদারের

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৫ পিএম

সাইকেল চালিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা সজীব তালুকদারের

মোঃ রাজিব ভূইয়া ,বেলাবো :পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে সৌদি আরবের মক্কার পথে যাত্রা শুরু করেছেন নরসিংদীর বেলাবো উপজেলার যুবক সজীব তালুকদার। তাঁর এই ব্যতিক্রমী ও চ্যালেঞ্জিং যাত্রাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে প্রচলিত পরিবহন ব্যবস্থার পরিবর্তে সাইকেল বেছে নিয়েছেন সজীব। বিভিন্ন দেশ অতিক্রম করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মক্কায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে তিনি এই যাত্রা শুরু করেছেন। সজীবের কাছে এই উদ্যোগ কেবল একটি ভ্রমণ নয়, বরং এটি ইবাদতের উদ্দেশ্যে এক ধরনের আত্মত্যাগ ও ধৈর্যের পরীক্ষা। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে আবহাওয়া, শারীরিক ক্লান্তি ও নানা প্রতিকূলতা মোকাবিলা করতে হবে তাঁকে।

স্থানীয়রা সজীবের এই সাহসী উদ্যোগের প্রশংসা করেছেন এবং তাঁর নিরাপদ যাত্রার জন্য শুভকামনা জানিয়েছেন। সজীব তালুকদার বলেন, পবিত্র হজ পালন তাঁর জীবনের অন্যতম বড় স্বপ্ন। যাত্রাপথে নানা চ্যালেঞ্জ আসতে পারে জেনেও আল্লাহর ওপর ভরসা রেখে তিনি লক্ষ্য পূরণে অবিচল। তিনি তাঁর এই দীর্ঘ যাত্রার সফলতা ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও সজীবের এই সংকল্পের প্রশংসা করছেন অনেকে। সবার প্রত্যাশা, সব প্রতিকূলতা কাটিয়ে তিনি যেন সুস্থভাবে পবিত্র মক্কায় পৌঁছে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।

সিয়াম সরিষা
Link copied!