আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, ইসমাইল হোসেন জাবিউল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুন্নাফ খান, প্রকৌশলী আবদুল করিম, মৎস্য কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এটিও) মোহাম্মদ আবদুল মজিদ মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমা সুলতানা রুমি, ঘোরজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমজান আলী, তামান্না হক, লুৎফর রহমান, মশিউর রহমান ও জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন ইউআরসি কর্মকর্তা চঞ্চল কুমার মিস্ত্রি।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তির জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাকে আত্মনির্ভরশীল করে তোলার অন্যতম মাধ্যম। একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সমাজের সর্বস্তরে সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও গুরুত্ব দিতে হবে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য নিরক্ষরতা দূর করা জরুরি। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য, সাক্ষরতার প্রয়োজনীয়তা এবং শিক্ষার মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে নাগরিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন :