মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”এই প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সাক্ষরতা কেবল পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; সচেতন, দক্ষ ও আত্মনির্ভরশীল মানুষ গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম। দেশজুড়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শতভাগ শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। একটি শিক্ষিত জাতিই কেবল আধুনিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারে। তাই বিদ্যালয়গামী শিশুদের পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের দ্রুত শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা বলেন, সাক্ষরতার হার বৃদ্ধি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি। সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার মাধ্যমেই দারিদ্র্য, কুসংস্কার ও বৈষম্য দূর করা সম্ভব। নতুন প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার ওপর তারা গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনছুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমিন, কালাই সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল আজিজ এবং কালাই থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম।
সভায় কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, থুপসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক ও সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :