নওগাঁর নিয়ামতপুরে গরু চুরি করে পিকআপভ্যানে পালিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা গরু চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি গরু উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ছাতরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় নিয়ামতপুর থানা পুলিশ তাদের আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ছাতরা বাজারে সাপ্তাহিক গরুর হাট বসে। এ সুযোগে আন্তঃজেলা গরু চোর চক্রের কয়েকজন সক্রিয় সদস্য কৌশলে দুটি গরু চুরি করে পূর্বপরিকল্পিতভাবে রাখা একটি পিকআপভ্যানে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গরু ও পিকআপসহ দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারুন্দি ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে মো. জজ মিয়া (৫০) এবং একই উপজেলার সরমান্দি ইউনিয়নের ওরুন্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. রানা (৩১)। নিয়ামতপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :