ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে পুলিশের বিশেষ অভিযানে রাকিবুল হাসান নামে এক ভুয়া এনএসআই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারক রাকিবুল গত দুই মাস ধরে তালসার গ্রামসহ বিভিন্ন এলাকায় নিজেকে এনএসআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে আসছিল। এই পরিচয়ের আড়ালে সে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। এছাড়া সে তালসার বাজারের আশেপাশে ঘর ভাড়া নেওয়ারও চেষ্টা করছিল।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তালসার ক্যাম্পের এসআই তবিবুর রহমান কৌশলে তাকে ক্যাম্পে ডেকে আনেন। জিজ্ঞাসাবাদ ও পরিচয়পত্র যাচাইয়ের একপর্যায়ে সে ভুয়া এনএসআই সদস্য হিসেবে শনাক্ত হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রাকিবুল হাসান (২১), পিতা মো. মহাসিন ইসলাম এবং মাতা মোছা. মাজেদা বেগম। তার স্থায়ী ঠিকানা সম্পর্কে জানতে চাইলে সে অসংলগ্ন তথ্য দেয়। কখনো ঝিনাইদহ, কখনো ডাকবাংলা বাজার আবার কখনো সাদ্দালপুরসহ বিভিন্ন স্থানের নাম বলে সে বিভ্রান্তি তৈরির চেষ্টা করে।
অনুসন্ধানে জানা যায়, সে ভুয়া এনএসআই পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এবং একেক সময় একেক মোটরসাইকেল ব্যবহার করে চলাফেরা করত। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :