কিশোরগঞ্জে জুয়ার আসর থেকে শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ১৫

জামাল উদ্দিন , কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩৩ পিএম

কিশোরগঞ্জে জুয়ার আসর থেকে শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ১৫

কিশোরগঞ্জের হোসেনপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে জুয়ার আসর থেকে সিদলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক পায়েল মিয়াসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও সাত থেকে আটজন নদীতে সাঁতরে পালিয়ে যায়। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর বালুর টাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাহেবের চর এলাকার লিটন মিয়া (৫০), মাসুদ মিয়া (৩৮), বুরহান মিয়া (২২), বাক্কার মিয়া (৫০), আফাজ উদ্দিন (৪৫), সিদলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক পায়েল মিয়া (৩৫), পিকুল মিয়া (৩৭), জুয়েল মিয়া (৪০), জালাল মিয়া (২৯), হৃদয় মিয়া (৩০), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শাকিল মিয়া (২৬), ভালুকা উপজেলার জাহেদুল ইসলাম (৩৮), পাগলা থানার চঞ্চল মিয়া (৪০) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মনির হোসেন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহেবের চর বালুর টাল এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসত। সেখানে প্রতিদিন বিপুল অঙ্কের টাকা নিয়ে জুয়া খেলা হতো বলে স্থানীয়দের অভিযোগ। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছিল। পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জুয়ার আসর পরিচালনার সঙ্গে স্থানীয় কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, সাঁড়াশি অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় দীর্ঘদিন ধরে বিপুল অঙ্কের টাকার জুয়ার আসর বসছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!