তৌহিদুল ইসলাম তুহিন ,মেহেরপুর: মেহেরপুরে প্রান্তিক নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ব্র্যাক ব্যাংক যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে। মঙ্গলবার সকালে জেলা পরিষদের হলরুমে কর্মশালার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় জেলা জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ ও আর্থিক জ্ঞান অর্জনের মাধ্যমে প্রান্তিক নারীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। নারীরা এগিয়ে গেলে পরিবার ও সমাজ এগিয়ে যাবে, আর এর মধ্য দিয়েই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন উইট ইনস্টিটিউটের প্রধান নির্বাহী নাজিব রাফে, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রমি নাহিদ, বাড়ি বিক্রয় ডটকমের উদ্যোক্তা আরিফুল ইসলাম ও তানভীর আলম অভি।
কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার প্রায় ৩০ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। ব্যবসা পরিচালনার কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি ও আর্থিক সাক্ষরতার বিভিন্ন বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :