চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ড্রেন নির্মাণের সময় মাটির দেয়াল ধসে রাব্বি হোসেন (২০) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। সোমবার বিকেলে উপজেলার খাদেমপুর ইউনিয়নের রংপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি হোসেন সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের কাউসার আলীর ছেলে। আহত রাজন (১৯) ও তানজিল (১৭) একই গ্রামের বাসিন্দা। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রংপুর গ্রামের মতিয়ার রহমানের বসতবাড়িতে পানি নিষ্কাশনের জন্য সকাল থেকে তিন শ্রমিক ড্রেন নির্মাণ করছিলেন। ড্রেনটি প্রায় ১০ ফুট গভীর করা হয়। বিকেলে হঠাৎ ড্রেনের পাশের মাটির দেয়াল ধসে তিন শ্রমিকের ওপর পড়ে। এতে রাব্বি পুরোপুরি মাটির নিচে চাপা পড়েন। রাজন ও তানজিলও মাটির নিচে আটকে পড়েন। তবে তাঁদের মুখের কিছু অংশ মাটির ওপরে থাকায় স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন মাটি সরানোর কাজ শুরু করেন। প্রায় ৪০ মিনিট পর রাব্বিকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী আমেনা বেগম বলেন, সকাল থেকেই তিন শ্রমিক ড্রেন নির্মাণ করছিলেন। বিকেলের দিকে হঠাৎ তাঁদের ওপর মাটির দেয়াল ধসে পড়ে। স্থানীয় বাসিন্দা আজিমুল্লাহ জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাঁরা দুই শ্রমিকের মুখ মাটির ওপরে দেখতে পান। পরে গ্রামবাসী মাটি সরিয়ে তাঁদের উদ্ধার করেন। রাব্বিকে পুরোপুরি মাটির নিচে চাপা পড়া অবস্থায় উদ্ধার করা হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শ্রমিকের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :