চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

শিমুল রেজা , চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৬ পিএম

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, সার ও খাদ্যের বাজার নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সার বিক্রয়ে অনিয়ম, ভুয়া চিকিৎসা ও নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার গোকুলখালী ও আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার গোকুলখালী বাজারে অবৈধভাবে সার বিক্রির দায়ে মো. হামিদুল ইসলামের প্রতিষ্ঠান ‘মেসার্স হামিদুল ট্রেডার্স’-কে পাঁচ হাজার টাকা এবং মিথ্যা বিজ্ঞাপন দিয়ে চিকিৎসা সেবা প্রদানের দায়ে মো. সাইফুল ইসলামের ‘মেসার্স জিকু মেডিকেল হল’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের দায়ে ভালাইপুরের মো. কালাম উদ্দিনের ‘মেসার্স ভাই ভাই হোটেল’-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল। জনস্বার্থে ও বাজারব্যবস্থা স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সিয়াম সরিষা
Link copied!