নিজ অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক রুহুল আমিন

এস এম সানোয়ার , সিঙ্গাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪০ পিএম

নিজ অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক রুহুল আমিন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদখিরা মোড় থেকে অটো ইটভাটা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা নিজ অর্থায়নে সংস্কার করে দিয়েছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক হাজী মোহাম্মদ রুহুল আমিন।স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন তিনি। রাস্তা সংস্কারের ফলে বর্তমানে স্থানীয় পথচারী ও যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে, যা এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। স্থানীয়রা জানান, জামির্ত্তা ইউনিয়নের বিভিন্ন এলাকার অবহেলিত ও চলাচলের অনুপযোগী গ্রামীণ রাস্তাগুলো পর্যায়ক্রমে নিজ অর্থায়নে সংস্কার ও মেরামত করে দিচ্ছেন রুহুল আমিন।

জনদুর্ভোগ লাঘবে তার এমন উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি সংস্কার করা রাস্তাটি স্থায়ীভাবে পাকা করার দাবি জানিয়েছেন তারা। জামির্ত্তা ইউনিয়নের স্বল্প জ্যাইলা গ্রামের বাসিন্দা নাছির মেম্বার, নুরুল ইসলাম, টুকুন ও আক্কাস উদ্দিন বলেন, তরুণ সমাজের আইকন হাজী মোহাম্মদ রুহুল আমিন দীর্ঘদিনের ভোগান্তির এই রাস্তাটি নিজ অর্থায়নে সংস্কার করে দিয়েছেন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি ভূমিকা রেখে চলেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণদের নিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন রুহুল আমিন। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন তিনি।

এ বিষয়ে হাজী মোহাম্মদ রুহুল আমিন বলেন, জনগণ চাইলে আমি চেয়ারম্যান প্রার্থী হতে প্রস্তুত। তবে আমি চেয়ারম্যান হই বা না হই, মানুষের জন্য এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখব। যতদিন বেঁচে থাকব, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। প্রান্তিক মানুষের জন্য কাজ করা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

সিয়াম সরিষা
Link copied!