মোঃ জাহাঙ্গীর হোসেন ,কালীগঞ্জ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নে সার সরবরাহে স্বচ্ছতা ও সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিসিআইসি অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স হাসান এন্টারপ্রাইজ’। অন্যান্য অঞ্চলের কৃষকরা যখন সার সংকট ও বাড়তি দাম নিয়ে ভোগান্তির আশঙ্কায় থাকেন, তখন তক্তিপুর বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটির বিতরণ কেন্দ্রে দেখা গেছে ভিন্ন চিত্র। সেখানে কৃষকের মুখে ফুটেছে তৃপ্তির হাসি।
সরেজমিনে দেখা যায়, মালিয়াট ইউনিয়নের কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে সুষম সার পৌঁছে দিতে নিরলস কাজ করছে মেসার্স হাসান এন্টারপ্রাইজ। কেন্দ্রে আসা রিপন ও জাহাঙ্গীরসহ একাধিক কৃষক সন্তোষ প্রকাশ করে জানান, স্বত্বাধিকারী সাবিতা নাসরিনের পরিচালনায় প্রতিষ্ঠানটি সবসময় কৃষকের পাশে দাঁড়িয়েছে। ইউরিয়া, ডিএপি (DAP), টিএসপি (TSP) কিংবা এমওপি (পটাশ) কোনো ধরনের সারেরই সংকট নেই এখানে। প্রয়োজন অনুযায়ী প্রতিটি সার নিরবচ্ছিন্নভাবে পাওয়ায় কৃষিকাজে তারা স্বস্তি পাচ্ছেন।
প্রতিষ্ঠানটির সফল পরিচালনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ম্যানেজার পলাশ। বর্তমান সরকারের কৃষিবান্ধব উদ্যোগ ও সারের পর্যাপ্ত সরবরাহের প্রশংসা করে তিনি বলেন, “বাংলাদেশ সরকার ও কৃষি মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী দেশে সারের কোনো ঘাটতি নেই, তক্তিপুর বাজারের এই কেন্দ্রে আসলেই তার বাস্তব প্রমাণ মিলবে। আমাদের গুদামে ইউরিয়া, ডিএপি, টিএসপি এবং পটাশসহ সব প্রকার সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। এখানে কোনো কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্যের সুযোগ নেই। কৃষক ভাইদের বলব, আপনারা নিশ্চিন্তে আসুন; যাঁর যতটুকু প্রয়োজন, নিয়ম মেনে সার নিয়ে যান। কৃষি ও কৃষকের সেবা করাই আমাদের মূল লক্ষ্য।”
কৃষকদের সারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিতরণ কেন্দ্রে সার্বক্ষণিক তদারকি করছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সাগর হোসেন। তিনি নিজেই কেন্দ্রে উপস্থিত থেকে কৃষকদের জমির পরিমাণ ও ফসলের ধরন অনুযায়ী সারের সঠিক মাত্রার নির্দেশনা দিচ্ছেন। এর ফলে একদিকে যেমন সারের অপচয় রোধ হচ্ছে, অন্যদিকে কৃষকরাও সুষম সার ব্যবহার করে লাভবান হচ্ছেন। সঠিক সময়ে নিরবচ্ছিন্ন সার সরবরাহ, সরকারি মূল্য তালিকা অনুসরণ এবং স্বচ্ছ তদারকির মাধ্যমে মালিয়াট ইউনিয়নের মেসার্স হাসান এন্টারপ্রাইজ কালীগঞ্জের অন্যতম নির্ভরযোগ্য ডিলার হিসেবে কৃষকদের আস্থা অর্জন করেছে।

আপনার মতামত লিখুন :