হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: সেই শিক্ষকের বদলি

আকতারুজ্জামান , দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৭ পিএম

হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: সেই শিক্ষকের বদলি

পরীক্ষার আগে প্রশ্নপত্রের অংশ শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপে পাঠানোর অভিযোগ ওঠার পর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহাদেব চন্দ্র রায়কে লালমনিরহাটের পাটগ্রামে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে বদলি করা হয়। প্রজ্ঞাপনে জনস্বার্থে তাকে বদলির কথা উল্লেখ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মহাদেব চন্দ্র রায়কে বর্তমান কর্মস্থল থেকে বিমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিমুক্ত না হলে ওই দিন অপরাহ্ন থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে। গত ১ জুলাই ওই শিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর আগে ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের একটি অংশ তার কাছে প্রাইভেট পড়া শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপে পাঠানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র মিলিয়ে হুবহু মিল পাওয়ার বিষয়টি সামনে আসে।

অভিযোগের পর বিষয়টি তদন্তে বিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি পৃথকভাবে কাজ করে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, উভয় তদন্তেই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর আগেও শিক্ষক মহাদেব চন্দ্র রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে ও বিশেষ কোচিং ক্লাসে অংশ নিতে বাধ্য করার অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, তার কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় কম নম্বর দেওয়া হতো। এসব অভিযোগ নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। প্রশ্নপত্রের অংশ হোয়াটসঅ্যাপে পাঠানোর অভিযোগ এবং পরবর্তী তদন্তের পর এবার তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হলো।

সিয়াম সরিষা
Link copied!