বগুড়ায় গৃহকর্মীকে রিমান্ডে নির্যাতনের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

ফারুক সরকার , শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৮ পিএম

বগুড়ায় গৃহকর্মীকে রিমান্ডে নির্যাতনের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

বগুড়ার শাজাহানপুরে চুরির মামলায় এক নারী গৃহকর্মীকে রিমান্ডে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মরিয়ম খাতুনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার সকাল ১১টায় উপজেলার বি-ব্লক বন্দর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মরিয়ম খাতুন ও তার পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, রিমান্ডে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগকারী মোছা. মরিয়ম খাতুন (৩৪) শাজাহানপুর উপজেলার ফুলকোট গ্রামের বাসিন্দা। তিনি স্বামী পরিত্যক্ত এবং তিন বছর বয়সী মেয়েকে নিয়ে অসুস্থ মায়ের সঙ্গে বসবাস করেন। জীবিকা নির্বাহের জন্য তিনি বিভিন্ন বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন বলে তার লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। মরিয়মের অভিযোগ, ২০২৫ সালের ২৪ মার্চ রহিমাবাদ উত্তরপাড়ায় হাসান আলী মিয়ার বাসায় কাজ করতে গেলে তাকে চুরির অভিযোগে মারধর করা হয়। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয় এবং ৬ এপ্রিল ২০২৫ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। প্রায় ছয় মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

তার আরও অভিযোগ, মামলায় তাকে রিমান্ডে নেওয়ার পর তদন্ত কর্মকর্তা এসআই কুদ্দুস তাকে বাদী হাফিজা খাতুনের বাড়িতে নিয়ে যান। সেখানে বাদী, তার স্বামীসহ কয়েকজন তাকে বেল্ট দিয়ে মারধর করেন এবং অন্য এক নারীর নাম বলার জন্য চাপ দেন। নির্যাতনের মুখে তাকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয় বলেও দাবি করেন মরিয়ম। এ ছাড়া রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় ধারণ করা ভিডিও বাদীপক্ষের হাতে কীভাবে গেল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ওই ভিডিও দেখিয়ে তাকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে এবং গৃহপরিচারিকার কাজেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন মরিয়ম। মানববন্ধন থেকে মরিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ১৬৪ ধারার জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া খতিয়ে দেখা এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তাসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সিয়াম সরিষা
Link copied!