আমতলীতে খাঁচায় আটক সাত পাখি উদ্ধার, বনে অবমুক্ত

মিথুন কর্মকার , আমতলী (বরগুনা) সংবাদদাতা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৪ পিএম

আমতলীতে খাঁচায় আটক সাত পাখি উদ্ধার, বনে অবমুক্ত

বরগুনার আমতলীতে বিক্রির উদ্দেশ্যে খাঁচায় আটকে রাখা সাতটি পাখি উদ্ধার করে বনে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। বুধবার দুপুরে আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকার একটি পাখির দোকান থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পাখির মধ্যে রয়েছে দুটি টিয়াপাখি, দুটি অস্ট্রেলিয়ান ঘুঘু এবং তিনটি দেশি ঘুঘু।
উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক জানান, পটুয়াখালী অ্যানিম্যাল লাভার্স টিমের সদস্য মো. আমিরুল ইসলাম ও তুষার আহমেদের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাজারের ‘পাখি সাজঘর’ নামের দোকানে অভিযান চালানো হয়।

এ সময় দোকানের মালিক মো. কবির হোসেনের কাছ থেকে খাঁচায় আটক পাখিগুলো উদ্ধার করা হয়। পরে পাখিগুলো আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। পটুয়াখালী অ্যানিম্যাল লাভার্সের আমতলী উপজেলা টিম লিডার মো. আমিরুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতা আমাদের কাজে অনুপ্রাণিত করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বন্য প্রাণী শিকার, ধরা, ক্রয়-বিক্রয়, জবরদখলে রাখা ও পাচার দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে দোকান মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। পরে উদ্ধার করা পাখিগুলো বনে অবমুক্ত করা হয়। তিনি আরও বলেন, পাখি ও অন্যান্য বন্য প্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বন্য পাখি বিক্রির সঙ্গে জড়িতদের সতর্ক করে তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিয়াম সরিষা
Link copied!