পটুয়াখালীর মহিপুরে ৩৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৮ পিএম

পটুয়াখালীর মহিপুরে ৩৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

এম. নাছির উদ্দীন ,কলাপাড়া : পটুয়াখালীর মহিপুরে একটি আবাসিক হোটেলের কক্ষে অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিলন নাজির (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর রাত ১১টা ৫ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে মহিপুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন পৌর ভবন সংলগ্ন হোটেল মেঘনা (আবাসিক)-এর দ্বিতীয় তলার ২০৩ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই কক্ষ থেকে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মো. মিলন নাজিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মিলন নাজির মহিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউসুফপুর এলাকার বাসিন্দা এবং মো. ছোবাহান নাজিরের ছেলে। পুলিশ জানায়, এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়।

কুয়াকাটা ও মহিপুর এলাকায় মাদকবিরোধী পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, মাদকের বিস্তার ঠেকাতে শুধু অভিযান নয়, মাদকের উৎস, সরবরাহকারী ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিয়মিত নজরদারি জোরদার করা প্রয়োজন। স্থানীয়দের প্রত্যাশা, আবাসিক হোটেলসহ বিভিন্ন স্থানে নিয়মিত তদারকি ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর নজরদারি মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে। মহিপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সিয়াম সরিষা
Link copied!