পদ্মা সেতুর রেললাইনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ নাট (র্যাম) চুরির ঘটনা ঘটেছে, যা ট্রেন চলাচলকে ঝুঁকির মধ্যে ফেলেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেতুর রেল ব্রিজের ৩৭ নম্বর পিলারের কাছে উপরে ওঠার একটি সিঁড়ি রয়েছে। কিছুটা ওপরে উঠলে লোহার গেট ও গ্রিল দিয়ে পথটি বন্ধ করে রাখা হয়েছে, ফলে সাধারণত সেখানে প্রবেশের সুযোগ নেই।
তবে এর মধ্যেই দুর্বৃত্তরা রেললাইনের বেশ কয়েকটি নাট খুলে নিয়ে গেছে। পাশাপাশি ড্রেনের ওপর বসানো কিছু লোহার গ্রিলও খুলে নেওয়া হয়েছে। এতে সেতুর ওপর দিয়ে চলাচলকারী ট্রেনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
রেললাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা কিম্যান ফারুক হোসেন জানান, চুরি প্রতিরোধে তারা নিয়মিত পাহারা দিয়ে থাকেন। ঈদের আগে চুরির অভিযোগে দুইজনকে আটক করে রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তিনি বলেন, ২৭ নম্বর বক্স পিলারের ভেতরে প্রবেশের সুযোগ তাদের নেই, কারণ সেটি তালাবদ্ধ থাকে এবং তাদের কাছে চাবি থাকে না।
এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) ও অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোনে সাড়া পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :