শালিখায় প্রবাসী সমাজসেবকের উদ্যোগে দাখিল মাদ্রাসার উদ্বোধন

জসীম উদ্দীন , শালিখা (মাগুরা) সংবাদদাতা

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ০৮:১৮ পিএম

মাগুরার শালিখা উপজেলায় প্রবাসী সমাজসেবক বিল্লাল হোসেনের উদ্যোগে একটি দাখিল মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিক্ষার মানোন্নয়ন এবং ধর্মীয় শিক্ষার প্রসারে এ উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহাম্মদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা। ফিতা কেটে মাদ্রাসাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। এ সময় বক্তারা বলেন, শিক্ষা ছাড়া একটি জাতির উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকাশে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠাতা প্রবাসী বিল্লাল হোসেন তার বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও নিজের এলাকার মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে।

অনুষ্ঠানে শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, বিএনপি নেতা মোতালেব সিকদার, মনিরুজ্জামান মনা সরদার, রিয়াজ মোল্লা, মনিরুল বিশ্বাস, বদিয়ার রহমান, শহীদুজ্জামান শহীদসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই মাদ্রাসার মাধ্যমে শালিখা উপজেলায় শিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

Advertisement

Link copied!