নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সিএনজি চালকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার ধামগড় ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় এই বর্বরোচিত হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হয়েছেন সোনারগাঁও উপজেলার সম্মানদী ইউনিয়নের খইদ্দারগাঁও এলাকার মৃত আদম আলীর ছেলে সিএনজি চালক মো. শাহজালাল।
ভুক্তভোগী শাহজালাল জানান, তিনি বারদী থেকে কেওডালা রুটে সিএনজি চালান। বিকেলে বিষ্ণুপুরা এলাকায় পৌঁছালে দুজন নারী হঠাৎ সিএনজির সামনে চলে আসেন। তাদের বাঁচাতে তিনি দ্রুত ব্রেক করলে পেছনে থাকা একটি মোটরসাইকেল সিএনজির সঙ্গে ধাক্কা খায়। মোটরসাইকেলে থাকা তিনজন ওই সময় তাকে মারধর করতে চাইলে স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দেন।
পরবর্তীতে শাহজালাল সিএনজি নিয়ে শ্রীরামপুর এলাকায় পৌঁছালে ওই তিন যুবক—রনি (পিতা: হাফেজ মিয়া), নাদিম (পিতা: আমির হোসেন) ও সিফাত (পিতা: মুক্তার হোসেন) তার গতিরোধ করে। সন্ত্রাসীরা হাতুড়ি ও এসএস পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শাহজালালের পায়ের হাড় ভেঙে ফেলে এবং সিএনজিটি ভাঙচুর করে।
ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শাহজালালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী পরিবার এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে চিকিৎসার ক্ষতিপূরণসহ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :