বাসডুবির ঘটনায় চতুর্থ দি‌নে উদ্ধার অ‌ভিযানে পল্টুন সরিয়েও মেলেনি কোন মরদেহ!

নাজমুল হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ০৬:০৩ পিএম

দৌলতদিয়া ৩ নং ফেরিঘাট এলাকায় বাসডুবির ঘটনায় উদ্ধারকারী সকল সংস্থা চতুর্থ দিনেও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। বৈরী আবহাওয়া ও উত্তাল নদীর কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।

২৮ মার্চ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল, বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ নৌবাহিনী যৌথভাবে এই অভিযান চালিয়ে যাচ্ছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাস দুর্ঘটনার স্থান থেকে পন্টুন সরিয়ে নেওয়া হয়। এরপর তাঁর নিচের অংশে নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হয়, তবে সেখানে কোনো মরদেহ খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) রেকার মেশিন ব্যবহার করে নদীতে টাগবোড দিয়ে পন্টুন সরানোর কাজ সম্পন্ন করে।

রাজবাড়ীর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, উত্তাল পদ্মা নদী ও বৈরী আবহাওয়া থাকার কারণে উদ্ধার তৎপরতা স্বাভাবিক গতিতে চালানো কঠিন হচ্ছে। তারপরেও উদ্ধারকারীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আগের দিনের মতো শনিবার সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থলে নিখোঁজদের কোনো স্বজনদের অপেক্ষা করতে দেখা যায়নি। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা আরও জানান, উদ্ধার অভিযান অব্যাহত রেখে সন্দেহজনক সকল স্থানে তল্লাশি চালানো হচ্ছে এবং হবে।

Link copied!