পচা মাংস বিক্রির দায়ে পাকুন্দিয়ায় এক মাসের কারাদণ্ড ও জরিমানা

জামাল উদ্দিন , কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০১:৩৯ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার সৈয়দগাঁও চৌরাস্তা বাজারে পচা গরুর মাংস বিক্রির দায়ে বিজয় (২৬) নামের এক যুবককে ১ মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত বিজয় উপজেলার সৈয়দগাঁও এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম সাহাব উদ্দিন।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তার কাছ থেকে প্রায় ১১৫ কেজি পচা গরুর মাংস উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই দণ্ড দেওয়া হয়। 'পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন'-এর আওতায় এই শাস্তি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর ও ডা. তামান্না দিলশাদ রিমি উপস্থিত ছিলেন। এছাড়া পাকুন্দিয়া থানার এসআই মো. সৈলিম হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযানে সহায়তা করে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Link copied!