মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীদের মানোন্নয়নে মূল্যায়ন পরীক্ষা শুরু

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০১:৪৬ পিএম

বি এম ইউসুফ: টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষা কর্মকর্তা মো: জুলফিকার হায়দারের উদ্যোগে আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের মান উন্নয়ন অগ্রগতি মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। গত ৭ এপ্রিল মঙ্গলবার থেকে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত বিষয়ে এই পরীক্ষা শুরু হয়েছে, যা ৯ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত চলবে। আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পরীক্ষার্থীদের সম্ভাব্য কেন্দ্রগুলোতে বোর্ড পরীক্ষার আদলে অনুষ্ঠিত এই অগ্রগতি মূল্যায়ন পরীক্ষায় উপজেলার সবকটি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন বলে জানা যায়।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জুলফিকার হায়দার বলেন, আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে তাদের পড়ালেখার মান উন্নয়নের জন্য এই পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পূর্বে প্রতিটি বিদ্যালয়েই টেস্ট পরীক্ষার আগে প্রিট্রেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে। এই পরীক্ষা অনুষ্ঠানের জন্য তিনটি বিষয়েই মেধাবী শিক্ষকদের দ্বারা প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে। আশা করি, এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার মান বাড়বে এবং বোর্ড পরীক্ষার বিষয়ে মানসিক প্রস্তুতি গ্রহণে সহায়ক হবে।

এ সময় উপস্থিত পরীক্ষার্থীদের অভিভাবকরা এমন উদ্যোগ গ্রহণের প্রশংসা করে বলেন, এভাবে যদি শিক্ষার্থীদের যত্নসহকারে পাঠদান ও তাদের পড়াশোনার অগ্রগতির মূল্যায়নের ব্যবস্থা করা হয়, তাহলে আগামীতে উপজেলাব্যাপী সকল শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের মান বৃদ্ধি পাবে।

পরীক্ষা গ্রহণে বিভিন্ন কেন্দ্র মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব পর্যবেক্ষণ করেন।

Advertisement

Link copied!