সপ্তাহে একবারের ইনজেকশনে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, কমবে ওজনও!

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০৯:১৪ এএম

টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে সপ্তাহে মাত্র একবার গ্রহণযোগ্য ইনজেকশন রেটাট্রুটাইড। সাম্প্রতিক এক ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, ওষুধটি শুধু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেই নয়, শরীরের অতিরিক্ত ওজন কমাতেও অত্যন্ত কার্যকর।

বিশ্বখ্যাত চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট-এ প্রকাশিত গবেষণায় ৯৩০ জন টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের সবার বডি মাস ইনডেক্স (বিএমআই) ছিল কমপক্ষে ২৩ এবং তারা আগে ডায়াবেটিসের কোনো ওষুধ ব্যবহার করেননি।

গবেষণার আওতায় অংশগ্রহণকারীদের ৪০ সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। ফলাফলে দেখা যায়, রেটাট্রুটাইড গ্রহণকারীদের রক্তে শর্করার দীর্ঘমেয়াদি সূচক এইচবিএ১সি গড়ে ১.৭ থেকে ১.৯ শতাংশ পর্যন্ত কমেছে। একই সঙ্গে তাদের শরীরের ওজন কমেছে গড়ে ১১.৫ থেকে ১৫.৩ শতাংশ পর্যন্ত।

গবেষকদের মতে, বর্তমানে ব্যবহৃত ওজেম্পিক, ওয়েগোভি কিংবা মাউনজারোর মতো ওষুধ সাধারণত এক বা দুটি হরমোনের কার্যকারিতা অনুকরণ করে ক্ষুধা নিয়ন্ত্রণ করে। কিন্তু রেটাট্রুটাইড একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ হরমোন—জিএলপি-১, জিআইপি এবং গ্লুকাগনের ওপর কাজ করে। ফলে এটি ক্ষুধা কমানোর পাশাপাশি শরীরের ক্যালরি খরচও বাড়ায়, যা দ্রুত ওজন হ্রাসে সহায়ক ভূমিকা রাখে।

গবেষণায় আরও দেখা গেছে, এই ইনজেকশন গ্রহণকারীদের কোলেস্টেরল ও রক্তচাপের অবস্থারও উন্নতি হয়েছে। তবে কিছু রোগীর ক্ষেত্রে মৃদু থেকে মাঝারি মাত্রার পরিপাকতন্ত্র-সংক্রান্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে, যা অধিকাংশ ক্ষেত্রেই সময়ের সঙ্গে কমে যায়।

যুক্তরাজ্যের স্থূলতা বিশেষজ্ঞ ডা. ক্যাথ ম্যাককালোর মতে, ডায়াবেটিস ও অতিরিক্ত ওজনে ভোগা মানুষের জন্য এই চিকিৎসা যুগান্তকারী হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, কোনো ওষুধই জীবনযাত্রার স্বাস্থ্যকর পরিবর্তনের বিকল্প নয়; রোগ প্রতিরোধে সঠিক খাদ্যাভ্যাস ও শারীরিক সক্রিয়তার গুরুত্ব অপরিসীম।

অন্যদিকে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক ডা. মেরি স্প্রেকলি বলেছেন, ওজন কমানোর এই ফলাফল নিঃসন্দেহে চমকপ্রদ। তবে বর্তমানে বাজারে থাকা অন্যান্য ওষুধের তুলনায় এটি কতটা বেশি কার্যকর, তা নিশ্চিত করতে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন। পাশাপাশি ওজন কমার সঙ্গে রোগীদের পুষ্টি ও পেশিশক্তি বজায় থাকছে কি না, সেটিও গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করতে হবে।

ডায়াবেটিস ইউকের গবেষণা প্রধান ডা. লুসি চেম্বার্স এই গবেষণার ফলাফলকে অত্যন্ত আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞদের আশা, রক্তে শর্করা নিয়ন্ত্রণ ও ওজন কমানোর দ্বৈত সুবিধার কারণে ভবিষ্যতে ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রেটাট্রুটাইড।

Link copied!