অবশেষে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০৫:১২ পিএম

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতালটির লাইসেন্স বাতিলের ঘোষণা দেন।

এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছিলেন, কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব সন্তোষজনক না হলে হাসপাতালটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়।

এ ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নোটিশে তাকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

তদন্ত ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা পর্যালোচনা শেষে স্বাস্থ্য অধিদপ্তর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়। ফলে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমোদন আর বহাল থাকছে না।

Link copied!