গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি হবিগঞ্জ সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান বর্তমানে গাজীপুর শিল্প পুলিশ-২-এ অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একাধিক অভিযোগ দায়ের হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এমন একজন কর্মকর্তাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল গাজীপুরে দায়িত্ব দেওয়ায় শিল্প মালিক, শ্রমিক মহল এবং পুলিশের একটি অংশের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ অনুযায়ী, হবিগঞ্জে কর্মরত থাকাকালে খলিলুর রহমান বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেন। তার নেতৃত্বে গ্রেপ্তার, নির্যাতন এবং রাজনৈতিক মামলায় হয়রানির অভিযোগও রয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ১৯ আগস্ট বিএনপি নেতা আলহাজ জি কে গউছের বাসভবনের বৈঠকখানায় অনুষ্ঠিত একটি সমাবেশে পুলিশের অভিযানের সময় লাঠিচার্জ, গুলিবর্ষণ ও টিয়ার শেল নিক্ষেপের অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিএনপি নেতা এস এম আওয়ালসহ অনেক নেতাকর্মী আহত হন। পরে এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়, যেখানে খলিলুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া, ২০২৪ সালের ২ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া মোস্তাক আহমেদ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাতেও তার নাম রয়েছে। নিহতের ভাই ময়না মিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে খলিলুর রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন।
আরও একটি ঘটনায়, ২০২৩ সালের ১৯ আগস্ট বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক নেতাকর্মী আহত হন। ওই ঘটনাতেও খলিলুর রহমানের ভূমিকা নিয়ে অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে মামলা বিচারাধীন।
এদিকে, স্থানীয় সূত্রের দাবি, সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে একটি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহে গেলে কয়েকজন সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং তাদের লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের বিরুদ্ধে।
তবে এসব অভিযোগের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমানের বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
আপনার মতামত লিখুন :