কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। দীর্ঘ প্রায় ১৪ মাস পর শুরু হওয়া এই কর্মসূচির আওতায় উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৭ হাজার ২৭১ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ মডেল স্কুলে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাঈম আব্দুল্লাহ, ইপিআই প্রধান আবুল কাশেমসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা এই কার্যক্রমে ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ১৯৩টি কেন্দ্রে একযোগে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। মাঠপর্যায়ে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা এই কার্যক্রম পরিচালনা করছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের অপুষ্টি প্রতিরোধ, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন 'এ' ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, "১টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি আরও ১৯২টি অস্থায়ী কেন্দ্রে প্রশিক্ষিত কর্মীরা শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াচ্ছেন। নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে এই কর্মসূচির আওতায় আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।" তিনি নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে এসে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :