ফেনী-বিলোনিয়া সড়কে ফের সিএনজি তাণ্ডব, আহত ৪

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১০:০৯ পিএম

ফেনী-বিলোনিয়া সড়কে সিএনজিচালিত অটোরিকশার বেপরোয়া গতি ও নিয়মভঙ্গের প্রবণতা থামছেই না। একের পর এক দুর্ঘটনা ঘটলেও অনেক চালকের মধ্যে সতর্কতা বা দায়িত্বশীলতার পরিচয় মিলছে না। সর্বশেষ ফুলগাজী উপজেলার কুতুবপুর রাস্তার মাথা সংলগ্ন এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় সংঘটিত এ দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চলার সময় দুটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের প্রথমে মুন্সিরহাট হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

একই দিন দুপুরে ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে চলন্ত একটি সিএনজির চাকা খুলে যায়। গাড়িতে থাকা পাঁচ যাত্রী অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। এ ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, ফেনী-বিলোনিয়া সড়ক প্রশস্ত হওয়ার পর কিছু অসচেতন চালক এটিকে রেসিং ট্র্যাকে পরিণত করেছেন। অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেক ও ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এছাড়া নিয়মিত যান্ত্রিক পরীক্ষা ছাড়াই অনেক ফিটনেসবিহীন সিএনজি রাস্তায় চলাচল করছে বলেও অভিযোগ রয়েছে।

 

সচেতন মহল জানিয়েছে, সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনার পরও কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না। এলাকাবাসী সড়কে স্পিড মনিটরিং ব্যবস্থা চালু, নিয়মিত যানবাহনের ফিটনেস পরীক্ষা, ঝুঁকিপূর্ণ এলাকায় ট্রাফিক পুলিশের উপস্থিতি বৃদ্ধি এবং আইন লঙ্ঘনকারী চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Advertisement

Link copied!