কাহারোলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

রনি ইসলাম , বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ০৮:০৩ পিএম

দিনাজপুরের কাহারোল উপজেলায় শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং অপুষ্টিজনিত স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সকালে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মিম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন 'এ' শিশুদের দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সকল অভিভাবককে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

 

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কোনো শিশু যাতে এই কর্মসূচি থেকে বাদ না পড়ে সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান কর্মকর্তারা।

Advertisement

Link copied!