আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে দেশজুড়ে পরিচিত নোয়াখালীর আলোচিত ব্যক্তিত্ব আজাদ মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ সংগঠনের পক্ষে অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রবিবার (২৮ জুন) দুপুরে সেনবাগ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার আজাদ মেম্বার সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। স্থানীয়ভাবে একজন চা বিক্রেতা হলেও আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসির প্রতি গভীর ভালোবাসার কারণে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। নিজের বাড়ি, দোকান ও আশপাশের এলাকাকে আকাশী-সাদা রঙে সাজিয়ে 'আর্জেন্টিনা নগর' নামে আলোচনায় আসেন তিনি। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলে এলাকাবাসীকে ভোজ দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন। এ কারণে বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন টকশোতেও অংশ নিয়েছিলেন তিনি।
ফুটবলপ্রেমী হিসেবে পরিচিতির পাশাপাশি তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় তৃণমূল নেতা ও অনলাইন কর্মী ছিলেন। এর আগেও রাজনৈতিক মামলায় তিনি কারাভোগ করেছেন।
সেনবাগ থানার ডিউটি অফিসার এএসআই মো. মিলন বলেন, আসামিকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :