রাসেদুল ইসলাম, লোহাগড়া: নড়াইলের লোহাগড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক ঘরের ওপর উল্টে পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু খানম (১২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী খালপাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত শামীমা আক্তার সেতু ওই এলাকার হাফিজার মোল্যার মেয়ে। তিনি স্থানীয় নলদী বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আহত মিতু একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পড়াশোনা ও রাতের খাবার শেষ করে দুই বোন নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ছোট পাথরবোঝাই একটি ট্রাক নলদী খালপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের তাদের ঘরের ওপর উল্টে পড়ে। ট্রাকের চাপা ও পাথরের নিচে চাপা পড়ে দুই বোন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীমা আক্তার সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু খানম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :