পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গবাদিপশুর জন্য গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজী মদ্দীন ওরফে খাজা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কাজী মদ্দীন ওরফে খাজা টেপ্রীগঞ্জ ইউনিয়নের বাবুরহাট এলাকার মৃত নদেশ তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গবাদিপশুর জন্য কাঁঠাল গাছের পাতা সংগ্রহ করতে তিনি দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে একটি আমগাছে ওঠেন। পরে আমগাছের ওপর থেকে বাঁশের লাঠি দিয়ে পাশের কাঁঠাল গাছের পাতা পাড়ার চেষ্টা করেন। এ সময় লাঠিটি গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাঁশের লাঠিটি ভেজা থাকায় বিদ্যুৎপ্রবাহের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন গাছের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :