মাইজখার ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় গাজী হাসান মাহমুদ হানিফ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ০৮:৩৩ পিএম

ফখরুল ইসলাম,  চান্দিনা: কুমিল্লার চান্দিনা উপজেলার ৯ নম্বর মাইজখার ইউনিয়নের আসন্ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন গাজী হাসান মাহমুদ হানিফ। তিনি ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ, মাদকমুক্ত ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।গাজী হাসান মাহমুদ হানিফ বলেন, বর্তমান সময়ে স্থানীয় সরকার ব্যবস্থায় সৎ, যোগ্য, জনবান্ধব ও দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই। জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত গাজী হাসান মাহমুদ হানিফ জানান, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করে আসছেন। তাঁর মতে, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; বরং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সুশাসন নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলার মধ্যেই প্রকৃত উন্নয়ন নিহিত।

তিনি বলেন, সমাজের অন্যতম বড় সমস্যা মাদক। তাই মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নির্বাচিত হলে মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, কিশোর অপরাধ ও সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। গাজী হাসান মাহমুদ হানিফ আরও জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের জন্য সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে নিশ্চিত করা তাঁর অগ্রাধিকার থাকবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ, ভিজিডি, টিসিবি সুবিধা, কৃষি প্রণোদনা ও চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সরকারি সেবা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

তিনি বলেন, জনপ্রতিনিধিত্ব কোনো ক্ষমতার বিষয় নয়, এটি জনগণের দেওয়া একটি আমানত। তাই দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্যের ঊর্ধ্বে থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মাধ্যমে ইউনিয়ন পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গাজী হাসান মাহমুদ হানিফ আশা প্রকাশ করেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৯ নম্বর মাইজখার ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ, মাদকমুক্ত, সুশাসিত ও উন্নত ইউনিয়নে রূপান্তর করতে সক্ষম হবেন।

Link copied!