নওগাঁর মান্দায় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সড়ক ও জনপথ (সওজ)-এর জায়গা দখল করে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাটের পাশে অবস্থিত নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে কলেজ-সংলগ্ন এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়ক ও জনপথের জায়গা দখল করে মাটি ভরাট ও স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
অফিস সূত্রে জানা যায়, ডা. বেদারুল ইসলাম ও কসবা গ্রামের আবু তালেবের ছেলে মেরিন অফিসার আবু রাসেল খান মহাসড়কের সংরক্ষিত জমিতে মাটি ভরাট করে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন। এতে সরকারি জমি বেদখলের পাশাপাশি মহাসড়কের নিরাপত্তা এবং ভবিষ্যৎ উন্নয়নকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রাথমিক পর্যায়ে তাদের মৌখিকভাবে বাধা দেওয়া হলেও তারা এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে মান্দা উপজেলার এ অংশে মহাসড়ক-সংলগ্ন সরকারি জমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। জবরদখলকারীদের বাধা দিতে গেলে তারা বিভিন্নভাবে হুমকিধামকি ও রাজনৈতিক নেতাদের ভয় দেখাচ্ছেন।
এ ব্যাপারে অবৈধ দখলদার ডাক্তার বেদারুল ইসলাম বলেন, "আমরা কারো কোনো অনুমতি নিইনি। আমি এখানে কাজ করছি, এখানে সেবামূলক একটি প্রতিষ্ঠান তৈরি করব। কাজ আপাতত বন্ধ আছে, অফিসের সঙ্গে যোগাযোগ চলছে, যোগাযোগ করে অনুমতি নিয়ে পরবর্তীতে কাজ করা হবে।"
এ বিষয়ে সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মৌখিকভাবে তাদের কাজ বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরেও কাজ করলে নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে নোটিশ করা হবে। সেটিও না মানলে পরবর্তীতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :