ভূরুঙ্গামারীতে ৭৫ হাজার টাকার জাল নোটসহ মাদককারবারি আটক

আবু সাঈদ ইসলাম , নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ০৮:০০ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত থেকে মাদক সংগ্রহের চেষ্টাকালে মো. আনোয়ার মিয়া নামে এক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ জুলাই (২০২৬) রাত ১১টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার এলাকায় কয়েকজন চিহ্নিত মাদককারবারি বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে দেশে এনে বিক্রি করছে এমন সুনির্দিষ্ট তথ্য পায় পুলিশ।

তথ্যের সত্যতা যাচাই করতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল ছায়া তদন্ত ও অভিযান শুরু করে। পরে রাত ১২টার দিকে পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার সংলগ্ন ভারতীয় সীমান্তগামী একটি কাঁচা সড়ক থেকে মো. আনোয়ার মিয়াকে আটক করা হয়। আটক আনোয়ার পাথরডুবি ইউনিয়নের কানিবাড়ি (মইদাম) এলাকার কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ১০০০ ও ৫০০ টাকা মূল্যমানের মোট ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্তের কাঁটাতারের ওপার থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে বাংলাদেশে এনে বিক্রির কথা স্বীকার করেছেন। আটক হওয়ার সময় তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্ত এলাকার মাদক ও চোরাকারবারিরা অধিক মুনাফার আশায় বাংলাদেশি জাল নোট ব্যবহার করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছে। তাই সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষকে মুদ্রা লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি।”

Link copied!