দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে বৃক্ষরোপণের নির্দেশ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ০২:৩৫ পিএম

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে বৃক্ষরোপণের নির্দেশ

ফাইল ফটো

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় আগামী ১৫ জুলাই পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারাদেশে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, আগামী বুধবার দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির সমন্বয়ে পাঁচটি করে চারা রোপণ করতে হবে।

নির্দেশনায় বলা হয়, একই দিনে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এর সঙ্গে মিল রেখে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টিকে জরুরি হিসেবে উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নির্দেশনার অনুলিপি পাঠিয়েছে।

কর্মকর্তারা জানান, বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে গাছপালা ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিয়াম সরিষা
Link copied!