কাতারের সাবেক আমিরের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব, বুধবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ০৯:৪৮ পিএম

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব, বুধবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

ফাইল ফটো

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। একই সঙ্গে তাঁর স্মরণে আগামী বুধবার দেশব্যাপী অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সরকারদলীয় প্রধান হুইপ নূরুল ইসলাম মনি শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে উপসভাপতি ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, গৃহীত শোক প্রস্তাব কাতার সরকার এবং ঢাকায় অবস্থিত কাতারের দূতাবাসে পাঠানো হবে। প্রস্তাব গৃহীত হওয়ার পর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল-থানির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য শামীম কায়সার।

গত ১২ জুলাই ৭৪ বছর বয়সে মারা যান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি। ১৯৯৫ সালে তিনি কাতারের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে জ্বালানিসমৃদ্ধ দেশটি উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি, ব্যাপক অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

রাষ্ট্র গঠন ও উন্নয়নে বিশেষ অবদানের জন্য শেখ হামাদকে আধুনিক কাতারের অন্যতম রূপকার হিসেবে বিবেচনা করা হয়। তিনি বর্তমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির পিতা।

সিয়াম সরিষা
Link copied!