শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের উদ্দেশে ‘ফার্মের মুরগি’ মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান। পরে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ভবন ঘেরাও করেন।
বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা আবারও সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা যায়।
এর আগে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আন্দোলনকারীদের একটি অংশ ঢাকা কলেজের সামনে এবং অন্য অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থান নেয়। এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ রাজধানীর ১২ থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন :