দেশে ফিরলেই শেখ হাসিনার রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১০:২৭ পিএম

দেশে ফিরলেই শেখ হাসিনার রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ফটো

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করে আদালতের দেওয়া রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে ফেরার পর আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। তিনি বলেন, দেশে ফিরে তিনি এবং বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আদালতের সামনে উপস্থিত হবেন।

শেখ হাসিনার ভাষ্য, প্রায় দুই বছর আগে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেও এখন তাঁরা স্বেচ্ছায় দেশে ফিরে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে চান।

তিনি আরও বলেন, দেশে ফেরার পর তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি প্রাণনাশের আশঙ্কাও রয়েছে। তবু তিনি দেশে ফিরতে চান। তাঁর দাবি, দলের নেতাকর্মীদের ওপর কঠোর দমন-পীড়ন চলছে। মৃত্যুও যদি হয়, তবে দেশের মাটিতেই হতে চান তিনি, যেখানে তাঁর মা-বাবা সমাহিত এবং তাঁদের রক্তের স্মৃতি জড়িয়ে আছে।

 

উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। পরে জুলাইয়ের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সিয়াম সরিষা
Link copied!