প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১১:৫৪ এএম

প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান

ফাইল ফটো

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলোতে আনন্দ মিছিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে বিপুলসংখ্যক শিক্ষার্থী সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

ক্যাম্পাসে পৌঁছে তিনি সরাসরি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে যান এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞ এবং বিপুলসংখ্যক তরুণ উদ্যোক্তা উপস্থিত রয়েছেন। সংশ্লিষ্টদের ধারণা, দেশের স্টার্টআপ পরিবেশ আরও শক্তিশালী করা এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ নীতিগত দিকনির্দেশনা বা নতুন ঘোষণা দিতে পারেন।

 

এর আগে গত ১২ মে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন তারেক রহমান। সেদিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর: টেকসই উৎকর্ষের পথরেখা’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালায় তিনি অংশ নিয়েছিলেন।

সিয়াম সরিষা
Link copied!