শেখ হাসিনা ফিরলে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি করা হবে: তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ০৯:৩৯ পিএম

শেখ হাসিনা ফিরলে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি করা হবে: তথ্য উপদেষ্টা

ফাইল ফটো

সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ন্যায়বিচার নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রধান তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার তাকে স্বাগত জানাবে, কারণ তার বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়া স্বচ্ছ ও আইনের বিধান অনুযায়ী সম্পন্ন করাই সরকারের লক্ষ্য।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলবে। তিনি নিজের পক্ষে দেশি কিংবা বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন। বিচারপ্রক্রিয়া আরও স্বচ্ছ করতে ট্রাইব্যুনালের কার্যক্রমে পর্যবেক্ষণের সুযোগ এবং চিত্রধারণের ব্যবস্থাসহ বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, আদালতে নিজের নির্দোষিতা প্রমাণ করার পূর্ণ সুযোগ শেখ হাসিনার থাকবে। আদালত প্রমাণের ভিত্তিতে যে কোনো রায় দিতে পারবেন। দোষী সাব্যস্ত না হলে তাকে খালাসও দেওয়া হতে পারে। ন্যায়বিচারের মূল ভিত্তিই হলো নিরপেক্ষ বিচার।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের জনগণের একটি অংশ শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাইলেও চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের। সরকারের দায়িত্ব কেবল একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচারপ্রক্রিয়া নিশ্চিত করা।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সরকারের ওপর কোনো ভূরাজনৈতিক চাপ সৃষ্টি হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টিকে তিনি চাপ হিসেবে দেখেন না। বরং সরকার নিজেই তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাই তার ফেরার আগ্রহ প্রকাশকে সরকার ইতিবাচকভাবেই দেখছে।

শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ব্যক্তিগতভাবে তার ধারণা, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার আর কোনো ভবিষ্যৎ নেই। তার দাবি, আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল অনেক মানুষের মধ্যেও একই ধরনের মতামত রয়েছে।

পাসপোর্ট ছাড়া শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন হলে সংশ্লিষ্ট রাষ্ট্র ও বাংলাদেশ সরকার আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত বিষয় তার দেশে ফেরার পথে কোনো অমীমাংসিত বাধা হবে না। সরকারের নীতিগত অবস্থান হলো তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার নিশ্চিত করা।

সিয়াম সরিষা
Link copied!