শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার ঘটনায় জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ বিষয়ে বক্তব্য দেন। এ সময় মন্ত্রী বলেন, তাঁর ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। তিনি কাউকে উদ্দেশ্য করে বা ইচ্ছাকৃতভাবে এমন মন্তব্য করেননি। এরপরও তাঁর বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
মন্ত্রী দুঃখ প্রকাশ করার পর অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তা স্বাগত জানান।
এর আগে সোমবার রাতে এক পরীক্ষার্থীর সঙ্গে শিক্ষামন্ত্রীর মোবাইল ফোনে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’ এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে করা ওই মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা এ ধরনের মন্তব্যের নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের প্রতি সম্মানজনক আচরণের দাবি জানান।

আপনার মতামত লিখুন :