স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই দিন থেকেই জাদুঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক আহ্বানের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
এর আগে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই মাসেই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া উচিত। তিনি বলেন, কিছু কাজ বাকি থাকলেও জাদুঘরটি খুলে দেওয়া যেতে পারে। পরে সংস্কার ও অন্যান্য প্রয়োজনীয় কাজ চলমান রাখা সম্ভব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধন করলে আমন্ত্রণ পেলে তাঁরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
একই দিন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে। তিনি বলেন, উদ্বোধনের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

আপনার মতামত লিখুন :